গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের ছাঁটাই ও মারধরের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার শ্রমিকদের ভাষ্যমতে, সদর ভোগড়া এলাকার ভিয়েলা নিট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ গত শনিবার এক শ্রমিককে ছাঁটাই করে। একই সঙ্গে আরও ৩৫ শ্রমিককে ছাঁটাইয়ের একটি তালিকা তৈরি করে কর্তৃপক্ষ। গতকাল সকালে ছাঁটাইয়ের তালিকাভুক্ত শ্রমিক মো. গাজীকে কারখানা থেকে চলে যেতে বলেন এক কর্মকর্তা। এ নিয়ে গাজীর সঙ্গে ওই কর্মকর্তার বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ভাড়াটে মাস্তান দিয়ে গাজীকে মারধর করে। খবর পেয়ে অন্য শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে জয়দেবপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল থেকে শুক্রবার পর্যন্ত কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বৈঠক শেষে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।ভিয়েলা নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপক মো. সামসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘কারখানার শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের জন্য গাজীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং নিয়মানুযায়ী তাঁর পাওনাদি পরিশোধও করা হয়েছে। একে ইস্যু করে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে কয়েকজন বহিরাগত শ্রমিকদের উসকে দিয়েছে।’ গাজীকে মারধরের কথা অস্বীকার করেন তিনি।ছাঁটাই নিয়ে শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন।