গাজীপুরে প্যাকেজিং গুদামে আগুন, দুজন আহত
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর মধুমিতা রেললাইন-সংলগ্ন এলাকায় গত শনিবার রাতে একটি প্যাকেজিং গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে গুদামের মালিকের দাবি, এ অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১১টার দিকে পূর্ব আরিচপুর মধুমিতা রেললাইন-সংলগ্ন এলাকায় টঙ্গী থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস খানের টিনশেড বাড়ির ভেতরের একটি প্যাকিজিং গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের বাসাবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন ও তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই তাঁদের ঘরের ফ্রিজ, সোফা, আলমারিসহ মূল্যবান মালামাল ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে যান। আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় দুজন স্বেচ্ছাসেবী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্যাকেজিং গুদামের মালিক যুবলীগের নেতা জুলহাস বলেন, ‘চার দিন পূর্বে গুদামে প্রায় ৩০ লাখ টাকার নতুন মালামাল ওঠানো হয়। ব্যবসায়িক শত্রুতার জের ধরে আমার গুদামে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে গুদামে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের ভেতরের পলিথিনগুলো দাহ্য পদার্থের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।