গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়ম!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলার বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে এবং সিঁড়ির পলেস্তারা ভেঙে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকায় ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয় বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী রয়েছে। ছাত্রছাত্রীদের ক্লাসের জায়গার সংকুলান না হওয়াতে একটি একতলা ভবনে দ্বিতল ভবন করার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে ভবনটির দ্বিতীয় তলার কাজটি পায় ঠিকাদারিপ্রতিষ্ঠান হাওলাদার এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি এলজিআরডির কর্মকর্তাদের সহযোগিতায় নিম্নমানের ইট-সিমেন্ট দিয়ে কাজটি শেষ করে। যার কারণে কাজ শেষ হওয়ার কিছুদিন পার হতেই বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে এবং সিঁড়িগুলোর পলেস্তারা উঠে যাচ্ছে।বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, ‘বিদ্যালয়ের দ্বিতল ভবন আমাদের বুঝিয়ে দেওয়ার আগেই ভবনের পূর্ব পাশের সিঁড়ির ওপরের ছাদ চুইয়ে এখনই পানি ঝরতে থাকে। সিঁড়ির পলেস্তারা পড়ে যাচ্ছে। চেয়ার-বেঞ্চ দেওয়ার কথা থাকলেও খুবই নিম্নমানের চেয়ার, বেঞ্চ এনে একটি শ্রেণীকক্ষে রাখা হয়েছে। ব্যবহারের আগেই কয়েকটি বেঞ্চ ও চেয়ার ভেঙে গেছে।’ অপরদিকে ওই হাওলাদার এন্টারপ্রাইজ একই স্কুলের উত্তর পাশের একটি সেমিপাকা টিনশেড ঘরের সংস্কারকাজের জন্য সরকার অতিরিক্ত দুই লাখ টাকা বরাদ্দ দিলেও ওই প্রতিষ্ঠান চারটি কক্ষ কোনোরকম পলেস্তারা ও চুনকাম করলেও অপর আরেকটি কক্ষের কাজ না করেই টাকা উত্তোলন করে নিয়ে গেছে। ফলে সংস্কার না করা কক্ষে শিক্ষার্থীদের কাজ নেওয়া সম্ভব হচ্ছে না।আবদুর রহিম নামের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ঠিকাদারিপ্রতিষ্ঠান স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি এবং প্রকৌশলীকে হাত করেই নিম্নমানের দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ওই দ্বিতল ভবনের কাজ শেষ হতে না-হতেই ভেঙে ও বৃষ্টির পানি ঝরতে শুরু করছে। ওই স্কুলের দ্বিতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের পরিচালক নিখিল চন্দ্র সরকার জানান, ওই ভবন নির্মাণের পর যদি কোনো অংশ ভেঙে পড়ে তা আবার নির্মাণ করে দেওয়া হবে।গাজীপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আলিমুজ্জামান জানান, ওই স্কুলে গিয়ে তদন্ত করে ঠিকাদারিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।