গাজীপুরে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর বাইপাস মোড় এলাকায় গত বৃহস্পতিবার রাত ১২টায় ফায়ার সার্ভিসের সদস্যদের মহড়া হয়েছে। মহাসড়কে দুর্ঘটনার উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, শ্রীপুর, জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহড়ায় অংশ নেন। রাতে মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের কী কী সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলোর ব্যবহার ও দ্রুত দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করতে হয়, সে সম্পর্কে হাতেকলমে শেখানো হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মহড়া শুরু হয়েছে। এ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখা হচ্ছে। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাকবলিত স্থানে এ ধরনের মহড়া হবে।
এদিকে রাতে উচ্চ শব্দে সাইরেন বাজাতে বাজাতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো নাওজোর এলাকায় ছুটে গেলে স্থানীয় লোকজনের অনেকেই গিয়ে সেখানে ভিড় করেন। কেউ কেউ ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই তাঁদের ভুল ভেঙে যায়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রথমে দেখে মনে হচ্ছিল ট্রাকের নিচ থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। কিছুক্ষণ পরে তাঁর ভুল ভেঙে যায়। প্রকৃতপক্ষে এটা ছিল একটা সাজানো দুর্ঘটনামাত্র।