গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে আজ রোববার সকালে ফের গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় ২৫টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন আট হাজার টাকার দাবিতে আজ সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়েগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের মহাসড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা সেখান থেকে বিক্ষোভ করতে করতে পল্লীবিদ্যুত্ এলাকার গোমতি টেক্সটাইল, ইকোটেক্স লিমিটেড, অ্যাপেক্স গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে কাচ ভাঙচুর করেন। এরপর ওই কারখানাগুলোর শ্রমিকেরাও বাইরে বেরিয়ে আসেন। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তাঁরও মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল ছুুড়তে থাকেন। এ সময়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে লাঠিপেটা ও কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিকেরা সরে গেলে বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, লাঠিপেটা ও কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ জানান, গাজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি করছেন।