গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত গিভেন্সি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা গত জুন মাসের বেতন পরিশোধের দাবিতে গতকাল সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিককে আটক করেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই শ্রমিকদের মুক্তির দাবিতে অন্যরা কারখানার বাইরে এসে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। কারখানার ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, বিক্ষোভের মুখে আজ বুধবার বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হন। পরে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়।