গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল সোমবার একই মালিকের দুটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শী, শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, সিনাবহ এলাকায় একই মালিকের সাদাত কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মীমনুন ফেব্রিকস নামের দুটি কারখানার সুইং, ডাইং ও নিটিং সেশকনের শ্রমিকদের দুই থেকে চার মাসের বেতনের টাকা বকেয়া রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ গড়িমসি করতে থাকে। শ্রমিকদের আন্দোলনের মুখে গতকাল বকেয়া বেতন পরিশোধের দিন ধার্য হলেও সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গতকাল সকালে শ্রমিকেরা কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সকাল নয়টার দিকে সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন ও ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু করে। পরে পুলিশের সহযোগিতায় কারখানার সামনে শ্রমিক ও কর্তৃপক্ষ একটি বৈঠক করে। ওই বৈঠকে কর্তৃপক্ষ ২৯ অক্টোবর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান।