গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন ইস্ট-ওয়েস্ট গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মাসের ৮-৯ তারিখে শ্রমিকদের বেতন দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বুধবার রাতে আলোচনা হয়। কর্তৃপক্ষ আংশিক বেতন-ভাতা ৯ মার্চ এবং বাকিটা ১৬ মার্চ দেওয়ার সিদ্ধান্ত জানালে শ্রমিকেরা তা না মেনে বিক্ষোভ করেন। গতকাল সকাল আটটার দিকে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে তালা ও অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হন শ্রমিকেরা। একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শিল্পাঞ্চল পুলিশ-২-এর (গাজীপুর) সহকারী পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পুলিশ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেয়। এরপর সকাল সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।