গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছেন। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ-মিছিল করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।
শিল্পপুলিশ ও শ্রমিকেরা জানান, গত মার্চ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকার স্টাইলক্রাফট ও ইন্টারম্যাক্স পোশাক কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। একই এলাকার স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দেয়। এদিকে সকালে সিটি করপোরেশনের সালনা এলাকার শ্যামলী গার্মেন্টসের শ্রমিকেরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, বেতনের দাবিতে নগরীর ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে ভিঅ্যান্ডআর ফ্যাশনের শ্রমিকেরা, সাইনবোর্ড এলাকায় আসোকা পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাঁদের বেতন ২০ এপ্রিল পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।