গাজীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
গাজীপুর শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল গত শনিবার রাতে ভাঙচুর করা হয়েছে। এ অবস্থাতেই গতকাল রোববার ম্যুরালটি উন্মোচন করা হয়। সূত্র জানায়, শনিবার রাত তিনটার দিকে কে বা কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙচুর করে। তারা শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলে এবং শোক দিবস উপলক্ষে তৈরি সভামঞ্চের একাংশে ভাঙচুর চালায়। গতকাল সকাল ১০টায় গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ভাঙা ম্যুরালটি উন্মোচন করেন। আমন্ত্রিত অপর দুই সাংসদ জাহিদ আহসান ও মেহের আফরোজ চুমকি এ সময় উপস্থিত ছিলেন না।স্থানীয় নেতা-কর্মীরা জানান, জেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা ফায়জিয়া ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেন। দেলোয়ার অভিযোগ করেন, দাওয়াতপত্রে নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে কেউ ম্যুরাল ভাঙচুর করে থাকতে পারে। ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়ায় তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এ ব্যাপারে দিলরুবা জয়দেবপুর থানায় জিডি করেছেন।