গাজীপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের দুই উপজেলা কালীগঞ্জ ও শ্রীপুরে বজ্রপাতে আজ সোমবার চারজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের মুকুন্দ দাস (৫৬), সুদন দাস (৫০) ও মোক্তারপুর ইউনিয়নের নিরদ দাস (৩৫)। এ ছাড়া শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের কৃষক ইন্নছ আলী (৫৫)।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিরা পেশায় ছিলেন মূলত মৎস্য ব্যবসায়ী। তাই তিনজন মিলে উপজেলার একটি বিলে মৎস্য চাষ করতেন। আজ দুপুরে তাঁরা মাছের খামারে খাবার দিতে যান। ওই সময় বৃষ্টি শুরু হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তৈরি করা ছোট্ট একটি ঘরে তিনজন আশ্রয় নেন। বজ্রপাতে ওই ঘরে আশ্রয় নেওয়া তিনজনের মৃত্যু হয়। বিলের মাঝখানে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি।

এলাকাবাসী জানান, আজ বিকেল পাঁচটার দিকে স্ত্রী রীনা দাস মুকুন্দকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে ওই বিলের মধ্যে তাঁকে খুঁজতে যান। সেখানে দূর থেকে দাঁড়িয়ে দেখা যায় ওই ঘরে তিনজন শুয়ে আছেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় শরীর ছুঁয়ে ডাকতেই মুকুন্দ মাটিতে পড়ে যান। রীনা দাসের চিৎকারে বিলের আশপাশের লোকজন ছুটে আসেন। জামালপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ প্রথম আলোকে বলেন, বজ্রপাতে তিন মৎস্যচাষির মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে আজ দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইন্নছ আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামেই।
মো. রুহুল আমিন বলেন, বজ্রপাতে ইন্নছ আলীর শরীরের বেশির ভাগ অংশ ও মাথার চুল ঝলসে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।