গাজীপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্র ও কাপাসিয়ার বারিষাবহ ইউনিয়নের ছেলদিয়া গ্রামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।শ্রীপুরের বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদল সরকার জানান, বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলার সময় বজ্রপাতে মফিজ উদ্দিনের ছেলে সোহাগ (১১) ও শহীদুল ইসলামের ছেলে মুরাদ (১১) আহত হয়। আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। তারা বরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।বারিষাবহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বজলুর রহমান জানান, একই দিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সময় ওই ইউনিয়নের ছেলদিয়া গ্রামে বজ্রপাতে আরেকটি মৃত্যুর ঘটনা ঘটে। খেতের মধ্যে ধানের আঁটি গোছানোর সময় বজ্রপাতে মমতাজ উদ্দিনের ছেলে মোস্তফা মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় রশিদ ও দুলাল নামে দুই কৃষক আহত হন।