গাজীপুরে বন কর্মকর্তার ওপর হামলা, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পশ্চিম চতর এলাকায় প্রতিবন্ধী নগরে তদন্তকাজে যোগ দিতে গিয়ে গতকাল রোববার দুপুরে প্রতিবন্ধীদের হামলার শিকার হয়েছেন রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা গোলাম রসুল। আহত ওই কর্মকর্তাকে পরে পুলিশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। ওই ঘটনার পর প্রতিবন্ধী নগরের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করলে এলাকাবাসী তা নিভিয়ে ফেলে।স্থানীয় এসিএফ ও তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, তিনি বনসচিবের কাছে প্রতিবন্ধী সমাজকল্যাণ পুনর্বাসন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. এরশাদুল আলমের দায়ের করা একটি অভিযোগের তদন্ত করতে গতকাল রোববার বেলা ১১টার দিকে যান। কয়েক দিন আগে অভিযুক্ত গোলাম রসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বনপ্রহরীদের প্রতিবন্ধী নগরে গতকাল সকালে উপস্থিত থাকতে নোটিশ দেওয়া হয়। সেই মতে অন্যদের সঙ্গে গোলাম রসুলও সেখানে উপস্থিত হন। সাক্ষ্য নেওয়ার একপর্যায়ে গোলাম রসুল উত্তেজিত হয়ে উঠলে কিছু বুঝে ওঠার আগে প্রতিবন্ধী কয়েকজন সদস্য তাঁকে কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে বনপ্রহরীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তাতে তাঁরা বাধা দেন। পরে জয়দেবপুর থানার পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। প্রতিবন্ধী সমাজকল্যাণ পুনর্বাসন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদুল আলম জানান, গোলাম রসুল ও ডেপুটি রেঞ্জার তোসাদ্দেক হোসেনসহ কয়েকজন বনপ্রহরী তাঁদের কাছে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধী নগর থেকে উচ্ছেদ করার হমকি দেন। এসব ঘটনায় তিনি সম্প্রতি বনসচিবের কাছে অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় শ্রীপুর সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সাজ্জাদুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। গতকাল রোববার দুপুরে ওই কমিটির কাছে তদন্ত বিষয়ে তথ্য দিতে গেলে গোলাম রসুল উত্তেজিত হয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে প্রথমে সংগঠনের সমন্বয়ক এম হানিফ মাহমুদকে দৈহিকভাবে লাঞ্ছিত করেন। পরে ডেপুটি রেঞ্জার তোসাদ্দেক হোসেন তাঁর বনপ্রহরী ও সন্ত্রাসীদের ডেকে এনে প্রতিবন্ধীদের ওপর হামলা চালান এবং প্রতিবন্ধী নগরের একটি ঘর আগুনে পুড়িয়ে দেন।পরে এলাকাবাসী ও প্রতিবন্ধীরা আগুন নেভান। তাঁদের হামলায় দৃষ্টিপ্রতিবন্ধী তোতা মিয়া (৫০), তাঁর স্ত্রী আসমা বেগম (৪৫), কাজলসহ (৩৫) পাঁচ-সাতজন প্রতিবন্ধী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে জেলা প্রশাসনে সঞ্চারকলিপি ও জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের সমন্বয়ক এম হানিফ মাহমুদ জানান, জেলা প্রশাসকের কাছে আবেদন দিয়ে চতর মৌজায় ৯ একর ৫৪ শতাংশ ভাওয়াল কোর্ট অব ওয়ার্ডসের সম্পত্তিতে ২০১০ সালে প্রতিবন্ধীদের জন্য অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়। ইতিপূর্বে ২০১০ সালের জানুয়ারিতে গাজীপুর সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটির নিবন্ধনও করা হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল ওই সম্পত্তি ইজারা নেওয়ার আশায় বন কর্মকর্তাদের যোগসাজশে প্রতিবন্ধীদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। কিন্তু বন কর্মকর্তারা সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা অবনী ভূষণ ঠাকুর বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।