গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের গজারিয়াপাড়া এলাকায় প্যানাস নিটেড ক্রিয়েশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে বন বিভাগের জমিতে জোর করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ওই জমি উদ্ধার করতে গিয়ে গতকাল বন বিভাগের ১০ কর্মচারী হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে বাউপাড়া বিটের বনপ্রহরী হুমায়ুন কবীরকে (৩৭) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় আড়াইশ প্রসাদ মৌজার সিএস ৪৩, আরএস ৭৪ দাগের সরকারি গেজেটভুক্ত বন বিভাগের জমিতে প্যানাস নিটেড ক্রিয়েশনের লোকজন সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করে। খবর পেয়ে গতকাল সকালে বন বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে গেলে আসামিরা তাঁদের ওপর চড়াও হয়। এ ঘটনায় বন বিভাগের টি এম হুমায়ুন কবীর, ওসমান গনি, সিদ্দিক হোসেন, মো. কাইয়ুমসহ ১০ জন আহত হন।জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় বাউপাড়া বিট কর্মকর্তা আবদুস সবুর প্যানাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিদ খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।