গাজীপুরে বন বিভাগের জমি দখলের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকায় বন বিভাগের ২০ দশমিক ৬৮ একর জমি দখলের অভিযোগে শিল্পপতি জয়নাল আবেদীন ভূঁইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জয়নাল আবেদীন বেস্টওয়ে গ্রুপের ‘বেস্টওয়ে ভাওয়াল ইকো ভিলেজ’ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে। ঢাকা বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের বাউপাড়া বিটের কর্মকর্তা আবদুস সবুর গত শনিবার জয়দেবপুর থানায় ওই মামলা করেন।মামলার অভিযোগে জানা যায়, গাজীপুরের কুনিয়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও তাঁর ছেলে রুহুল আমিন ভূঁইয়া অন্য আসামিদের সহায়তায় উত্তর সালনা মৌজার সিএস ৭০৩ ও ৭০৯ দাগের ওই জমি দখল করে নিয়েছেন। গত শনিবার সকালে আসামিরা সংরক্ষিত বনের গাছ কেটে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। এতে বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে মামলা করা হয়। গতকাল রোববার ওই এলাকায় গিয়ে সেই জমিতে ‘বেস্টওয়ে ভাওয়াল ইকো ভিলেজ’ প্রকল্পের বিলবোর্ড দেখা যায়। প্রকল্পের পরিচালক নয়ন চৌধুরী জানান, এখানে বন বিভাগের কোনো জমি নেই। জমির আগের মালিক আরিফুর রহমানের সঙ্গে বন বিভাগের মামলা ছিল। সেই মামলায় বন বিভাগ হেরে যায়। পরে আরিফুর রহমানের কাছ থেকে ওই জমি কিনে নেন জয়নাল আবেদীন।