গাজীপুরে বনভোজনে এলাকাবাসীর হামলা আহত ৩০
গাজীপুরের শ্রীপুরের ‘সি-গাল’ পিকনিক স্পটে সাভারের গ্রিন লাইফ গ্রুপের পোশাকশ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনা নিয়ে এবং নারী শ্রমিককে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পোশাকশ্রমিকদের উদ্ধার করে রাত ১১টার দিকে কারখানার বাসে তুলে দেয়। পুলিশ ও এলাকাবাসীর কেউ কেউ জানান, শুক্রবার সকালে ৯০টি গাড়িতে ওই কারখানার পাঁচ হাজারের মতো কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক সি-গালে পিকনিকে যান। পিকনিকের শেষ পর্যায়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে কনসার্ট শুরু হলে গান শুনতে পাশের এলাকার কিছু লোক ভেতরে ঢুকে পড়ে। সেখানে গান পরিবেশনকালে এক নারীকে কটূক্তি করায় কারখানার শ্রমিক ও স্থানীয় আবুল হোসেন নামের এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে আবুল হোসেনকে একটি কক্ষে আটক করে মারধর করা হচ্ছে—এমন খবর পেয়ে এলাকাবাসী পিকনিক স্পটের গেট ভেঙে ভেতরে ঢুকে শ্রমিকদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।আহত ব্যক্তিদের অধিকাংশই স্থানীয়। তাদের মাওনা-চৌরাস্তা এলাকার আলহেরা মেডিকেল ও বিল্লাল মাস্টার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পরে পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলে এবং আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।