গাজীপুরে বন্ধুর হাতে বন্ধু খুন!
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়চালা গ্রামে গতকাল শনিবার সাইফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বন্ধুর মুগুরের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত সাইফুল ইসলামের বাড়ি বড়চালা গ্রামে।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বড়চালা গ্রামের শরাফত আলী (২৫) গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বন্ধু সাইফুলকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে কয়েক শ গজ দূরে যাওয়ার পর শরাফত পেছন থেকে মুগুর দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শরাফত দৌড়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ শরাফতকে গ্রেপ্তার করতে পারেনি।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, শরাফতকে আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।