গাজীপুরে বসুন্ধরার কর্মকর্তার জামিন আবারও নামঞ্জুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া এলাকায় বসুন্ধরা গ্রুপের মৌচাক আবাসিক প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরার পক্ষে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সুদীপ কুমার চক্রবর্তীসহ কয়েকজন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে মাসুম হোসেনের জামিনের আবেদন করেন। গতকাল মঙ্গলবার আদালত জামিন নামঞ্জুর করে মাসুম হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সরকারি জমি দখল, মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে ১৩ মে সরকারের পক্ষে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান খান। দুটি মামলারই প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম। মামলার পর মাসুম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।