গাজীপুরে বস্তি ও গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরে পৃথক অগ্নিকাণ্ডে শতাধিক ঘর, ঝুটের গুদাম ও শ্রমিক কলোনির ১৫টি কক্ষ পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে টঙ্গী ও কালিয়াকৈরে শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, টঙ্গীর মিলগেটের নামাবাজার এলাকায় ঝুটের গুদামে গতকাল দুপুর ১২টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত পাশের বস্তির কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বস্তির ছোট ছোট শতাধিক ঘর ও ঝুটের গুদাম এবং মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. দিদারুল ইসলাম আহত হন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গার চালা এলাকায় কোরবান আলীর শ্রমিক কলোনির ১৫টি কক্ষ পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।