গাজীপুরে বহুতল ভবনের দেয়াল ভেঙে বাসের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় গতকাল সোমবার রাতে ঝড়ের সময় একটি বহুতল ভবনের দেয়াল ভেঙে যাত্রীবাহী একটি বাসের ওপর পড়ে। এতে বাসের চালক, তাঁর সহযোগীসহ চারজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-গাজীপুর সড়কসংলগ্ন শিববাড়ি এলাকায় তাজ টাওয়ার নামের একটি ১১ তলা ভবন নির্মাণ করেছেন একজন ব্যবসায়ী। এখনো ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ভবনটির ছয়তলার পূর্ব পাশের দেয়ালধসে কাপাসিয়া থেকে জয়দেবপুর পথে চলাচলকারী রাজদূত পরিবহনের একটি বাসের ওপর পড়ে। এ সময় প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিরা হলেন বাসের চালক কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার বাসিন্দা সজিব (৪৫), তাঁর সহযোগী আবুল কাশেম (৩৫), অজ্ঞাত এক নারী ও তাঁর ছেলে (১৪)। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন ভবনের চারপাশে নিরাপত্তা জাল না থাকায় এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ওই দুর্ঘটনা ঘটে।আবুল কাশেম জানান, ‘রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে যাত্রী নামিয়ে শিববাড়িতে বাস বন্ধ করে রেখেছিলাম। প্রচণ্ড ঝড়ের কারণে এক নারী তাঁর ছেলে নিয়ে বাসে ঝড় থামার অপেক্ষায় ছিলেন। সাড়ে নয়টার দিকে প্রচণ্ড শব্দে পাশের ভবনের দেয়াল ভেঙে বাসের ওপর পড়ে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।’জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।