গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জনি গোমেজ (৩০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাগদী এলাকার বড়টেক বিল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জনির ফুফাতো ভাই সনি গোমেজকে গ্রেপ্তার করেছে। জনি বাগদী গ্রামের বিজয় গোমেজের ছেলে।
জনির স্ত্রী মৌসুমি গোমেজের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে জনিকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যান সনি। এ সময় সনি তাঁর (জনি) হাতে মোটরসাইকেলের চাবি দিয়ে বলেন, ‘কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিস।’ এর দুই ঘণ্টা পর সনি মুঠোফোনে ফোন করে মৌসুমিকে বলেন, ‘তোর স্বামীকে খুন করে বিলের পানিতে ফেলে রেখেছি।’
ঘটনাটি ওই দিন রাতেই কালীগঞ্জ থানায় জানানো হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও জনির লাশ পাওয়া যায়নি। গতকাল সকালে বিলের পানিতে জনির লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাজশাহীর বরণি মিশন পাড়া থেকে সনিকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় সনি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জনির বাবা মামলা করেছেন।