গাজীপুরে বাবার সামনে দগ্ধ ছেলে
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল চলাকালে আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঝলসে গেছে এক কিশোর। দগ্ধ ওই কিশোরের নাম মনির হোসেন (১৫)। তার বাড়ি গাজীপুরের বড় কাঞ্চনপুর গ্রামে। সে ওই গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। মনির হোসেনের বাবা রমজান আলী প্রথম আলো ডটকমকে জানান, তিনি টাঙ্গাইল ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের মালামাল নিয়ে তিনি টাঙ্গাইল যাচ্ছিলেন। গত শনিবার বাড়ি থেকে রওনা হওয়ার সময় ছেলে মনির তাকে সঙ্গে করে নিয়ে যেতে আবদার করে। ছেলেকে নিয়ে দুই দিন থেকে ঘুরছেন তিনি। আজ দুপুরেই ছেলেকে গ্রামের বাড়ি রেখে আসার কথা ছিল। আজ সকালে গাজীপুর চৌরাস্তায় মালামাল পৌঁছে দেন তিনি। মালামাল পৌঁছানোর পর ছেলেকে নিয়ে তিনি নাশতা করেন।
এর পর ছেলেকে কাভার্ডভ্যানের ভেতরে বসিয়ে রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান রমজান আলী। মুহূর্তের মধ্যে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রমজান আলী রাস্তার পরিস্থিতি দেখে যখন পেছন ফিরে তাকান, তখন দেখতে পান গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এরই মধ্যে ঝলসে যায় মনির। গুরুতর আহত অবস্থায় ছেলে মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান রমজান আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল প্রথম আলো ডটকমকে বলেন, মনিরের বাঁচার সম্ভাবনা একেবারেই নেই। গান পাউডারে তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, মনিরের পুরো শরীরে ব্যান্ডেজ করা। যন্ত্রণায় ‘আল্লাহ আল্লাহ’ বলে চিত্কার করছে সে। রমজান আলী জানান, তাঁর ছেলের ভাগ্যে এমনটা লেখা ছিল, তা তিনি কল্পনাও করতে পারছেন না। ছেলের আবদার মেটাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হলো? অশ্রুভেজা নয়নে বার্ন ইউনিটের ভেতর ছেলের শয্যা পাশে দাঁড়িয়ে রমজান আলী জানান, তাঁর দুটি মেয়ে ছিল। তারাও মারা গেছে। লিখন নামে তাঁর পাঁচ বছর বয়সী আরেকটি ছেলে আছে।
অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
হরতালের আগের দিন গতকাল রোববার সাভারে দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া মোস্তাফিজুর রহমান মুকুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন।
গতকাল ঢাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় করে মালামাল নিয়ে সাভার যাচ্ছিলেন বিশ্বাস গ্রুপের কর্মচারী মুকুল হোসেন ও হাসু আহমেদ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটি থামিয়ে ভাঙচুর করে ও তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মোস্তাফিজুর রহমান মুকুল, হাসু আহমেদ ও সিএনজি অটোরিকশার চালক আসাদ গাজী অগ্নিদগ্ধ হন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান মুকুল মারা যান। বাকি দুজনের মধ্যে সিএনজি অটোরিকশার চালক আসাদ গাজী ও হাসু আহমেদের অবস্থা আশঙ্কাজনক।