গাজীপুরে বাস উল্টে এক যাত্রী নিহত
গাজীপুরের ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ওই হাসপাতাল মর্গে পাঠায়।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাহার আলম প্রথম আলোকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।