গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ শিশুসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় গতকাল বিকেলে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই ওই বাসের যাত্রী। নিহত যুবক (২৮) ও দেড় বছর বয়সের শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের নাম সুলতান শিকদার (৩৫)। বাড়ি সদর উপজেলার বিকেবাড়ি এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে সালনা কনকর্ড পোশাক কারখানার সামনে ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলতান ও শিশু নিহত হয়। এ ছাড়া গুরুতর অবস্থায় উদ্ধারের পর গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর ওই যুবকের মৃত্যু হয়।