গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় আজ সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামান (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় বেলা একটার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেলিমুজ্জামান নিহত এবং অপর ১১ যাত্রী আহত হন। হতাহতরা সবাই বাস যাত্রী। পরে স্থানীয়রা এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। সেলিমুজ্জামানের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপর ব্যক্তির লাশ মেডিকেলে কলেজের মর্গে রয়েছে। সেলিমুজ্জামান গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কে নিট কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কাওসার আলম বলেন, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।