গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় গতকাল সোমবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করে।
এ ছাড়া গতকাল টঙ্গীতে বাসের চাপায় আরও এক তরুণী মারা গেছেন।
চক্রবর্তী এলাকায় নিহত ব্যক্তিদের একজন জামালপুরের হাজেরা বেগম (২২)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত অপর যুবকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার সাথী পোশাক কারখানার সামনে গত রোববার বিকেল থেকে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। দিনাজপুর থেকে আসা রাহবার পরিবহনের একটি বাস গতকাল সকাল পৌনে আটটার দিকে সেখান দিয়ে যাচ্ছিল। এ সময় হাজেরা বেগম কালিয়াকৈর-নবীনগর সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় হাজেরা সেখান থেকে দৌড়ে সরতে গেলে টাঙ্গাইলগামী অপর একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বেপরোয়া ওই বাসটি সম্পর্কে কিছু জানা যায়নি।
এ ঘটনায় রাহবার পরিবহনের বাসের একজন নিহত ও কমপক্ষে আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে বাসের চালকও আছেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। সড়কে থাকা ১৫-১৬টি যানবাহনও ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ স্থানীয় লোকজন ও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
টঙ্গীতে নিহত তরুণীর নাম নূরুন্নাহার মায়শা (২৫)। তিনি ঢাকার উত্তরখান এলাকার নূরুউদ্দিন আহমেদের মেয়ে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এক আত্মীয়র মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন নূরুন্নাহার। টঙ্গীর বাটা কারখানার ফটকের কাছে অনাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নূরুন্নাহার রাস্তায় ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় তিনি মারা যান। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
নরসিংদীতে কিশোর নিহত: গত রোববার রাত ১০টার দিকে শান্ত সূত্রধর (১৫) কাভার্ড ভ্যানের চাপায় মারা যায়। পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি বাঞ্ছারামপুর থেকে নরসিংদী শহরে আসার পথে হেমেন্দ্র সাহার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লোকমান চত্বরের ওপর উঠে যায়। এ সময় ভ্যানটি পেছন থেকে একটি যাত্রীবাহী রিকশাকে চাপা দেয়। এতে রিকশার যাত্রী শান্ত ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়। পরে আশপাশের লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাভার্ড ভ্যানের চালক সাহেব আলী ও চালকের সহকারী মো. আলতাফ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।