গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত আটজন।
আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল হাই জানান, সকাল সোয়া ৭টার দিকে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ভোগড়া বাইপাস সড়কে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী দ্রুতগতির আজমেরি গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার অন্তত ১০ জন যাত্রী আহত হন।
আবদুল হাই বলেন, এলাকাবাসী আহত লোকজনকে উদ্ধার করে চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। লেগুনার আহত যাত্রী গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার বাসিন্দা আক্তার হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় হাজীরপুকুর এলাকার মুকুল হোসেনের ছেলে মিল্টন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, দুর্ঘটনার পর চারজনকে তাঁদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়।