গাজীপুরে বাসচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে আজ রোববার সকালে বাসচাপায় মিষ্ঠু (১৩) নামের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিষ্ঠু জামালপুর সদরের উল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবা বাবুল মিয়া গাজীপুরে চাকরি করেন। বাবার সঙ্গে গাজীপুর এসেছিল মিষ্ঠু।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল পৌনে নয়টার দিকে কালিয়াকৈরের আনসার অ্যাকাডেমির ৩ নম্বর গেটের সামনে যাত্রীবাহী নিরাপদ পরিবহন নামের একটি বাস মিষ্ঠুকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ঢাকাগামী নিরাপদ পরিবহনের বাসটিকে স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত শিশুটির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ২০ মিনিটের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। তবে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে।