গাজীপুরে বাসচাপায় ও ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় আজ বুধবার বাসচাপা ও ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে বাসচাপায় সাবেক সেনাসদস্য সিদ্দিকুর রহমান (৬০) এবং ভাওয়াল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ভুইয়া বলেন, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল সিদ্দিকুর রহমান স্থানীয় এসএজেড কারখানায় চাকরি করেন। নাইট শিফটের ডিউটি শেষে সকালে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হালডোবা এলাকায় পৌঁছালে একটি বাস তাঁর বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি স্থানীয় রাজেন্দ্রপুর এলাকায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, আজ সকালে ভাওয়াল গাজীপুর এলাকায় রেল সড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেন। পরে সকাল সোয়া নয়টার দিকে লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ট্রেনে মাথা কাটা পড়ে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। পরনে কালো প্যান্ট ও নীল-সাদা চেক শার্ট রয়েছে।
দাদন মিয়া জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রটি কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ মাঠখোলা এলাকার সূর্যকুমার চক্রবর্তী ওরফে শংকরের ছেলে খোকন চন্দ্র চক্রবর্তীর।
মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্রের সূত্রধরে পরিচয় শনাক্তের চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।