গাজীপুরে বাসচাপায় তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকায় গতকাল রোববার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় পোশাক কারখানার তিনজন শ্রমিক নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী ওই বাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক বাসে ভাঙচুর চালায়। নিহত শ্রমিকেরা হলেন: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাবৈর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০), নীলফামারীর চৌরঙ্গীহাট কচুয়া গ্রামের আতাউর (৩৫) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িকাঁঠাল গ্রামের ইসমাইল হোসেন (২৮)। নিহত শ্রমিকদের মধ্যে জাহাঙ্গীর বটম গ্যালারি লিমিটেড এবং আতাউর ও ইসমাইল ইউনিক ডিজাইন লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সবাই বড়বাড়ি এলাকার বিভিন্ন কারখানায় কাজে যাচ্ছিলেন। তাঁরা সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়ক পার হওয়ার উদ্দেশ্যে সড়ক বিভাজকের (ডিভাইডার) পাশে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল নিহত হন। গুরুতর অবস্থায় ছয়জন শ্রমিককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জাহাঙ্গীর ও আতাউরের মৃত্যু হয়। পরে শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এদিকে দুর্ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকেরা ধাওয়া দিয়ে ওই যাত্রীবাহী বাসটি আটক করেন। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন। বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত শ্রমিক ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই মহাসড়কের দুই দিকে কয়েক শ যান আটকা পড়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায়। পরে জয়দেবপুর থানা ও নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুড়ে যাওয়া বাসটি থানায় আনা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।