গাজীপুরে বাসচাপায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় আজ শনিবার দুপুরে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুরের গলদাপাড়া গ্রামের বিল্লাল হোসেন (১৮), ভুতুলিয়া গ্রামের আকবর হোসেন (১৮) ও কপাটিয়াপাড়া গ্রামের সুমন (১৭)।
মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হোসেন জানান, আজ দুপুর পৌনে দুইটার দিকে ময়মনসিংহগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বিল্লাল মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক সুমন ও আকবরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ। লাশ তিনটি উদ্ধার করে মাওনা থানায় নেওয়া হয়েছে।