গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত মহাসড়ক অবরোধ
গাজীপুর সদরের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বুধবার ভোরে বাসচাপায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। এর জের ধরে সকালে কয়েক শ পোশাকশ্রমিক মহাসড়ক অবরোধ করেন।নিহত শ্রমিকের নাম সুজন মিয়া (৩০)। তিনি বিশ্বাস গার্মেন্টসে নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায়।স্থানীয় সূত্র জানায়, সুজন সেহরির পর ফজরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে মসজিদে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সকাল আটটার দিকে কয়েক শ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। তাঁরা পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা হয়েছে।