গাজীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু সড়ক অবরোধ
গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসের চাকায় পিষ্ট হয়ে সুজন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ভাই ইয়াসিন (৭)। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে সুজন ও ইয়াসিন হাত ধরে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। সুজন ঘটনাস্থলেই মারা যায়। ইয়াসিনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম সোবাহান। তিনি স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে ফুট-ফরমায়েশ খাটেন। স্ত্রী ও দুই ছেলে নিয়ে থাকেন ফাঁড়ির পাশেই অন্যের জমিতে ঘর তুলে।এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় দক্ষিণে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং উত্তরে ভবানীপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পাঁচটার দিকে আবার যানচলাচল শুরু হয়।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, বাসটি এবং এর চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।