গাজীপুরে বাসার কাছে আইনজীবী খুন
গাজীপুর শহরের কলেজ রোডে গত শুক্রবার রাতে এক আইনজীবী নিজের বাসার কাছে নৃশংসভাবে খুন হয়েছেন। তাঁর নাম আবদুস সালাম মোল্লা (৩৫)। বাড়ির কাছে এসে মুঠোফোনে স্ত্রীকে ফটক খুলতে বলার পরপরই তিনি খুন হন। নিহত হওয়া আইনজীবীর ঘনিষ্ঠ ব্যক্তি ও এলাকার লোকজন জানান, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইনজীবী সালাম মোল্লার বাড়ি গাজীপুর পৌরসভার নীলেরপাড়া এলাকায়। প্রায় এক বছর ধরে শহরতলির নিজ বাড়ি রেখে শহরের ভাড়া বাড়িতে বাস করছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে বন্ধুর গাড়িতে থেকে নিজ বাসার সামনের গলির মুখে নামেন তিনি। বাসার দিকে কয়েক কদম যাওয়া মাত্রই দুর্বৃত্তরা অতর্কিতে তাঁর ওপর হামলা করে। তাঁর মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সালাম মোল্লা গাজীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।সালাম মোল্লার পরিবারের সদস্যরা জানান, তিনি নীলেরপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে নির্মাণাধীন নতুন বাড়ির কাজ দেখাশোনা শেষে রাত একটার দিকে বন্ধুর গাড়িতে চড়ে ভাড়া বাসার উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁদের সঙ্গে অপর বন্ধু আইনজীবী মাহবুবুর রহমান ছিলেন। মোফাজ্জল হোসেন ছায়াবীথি এলাকায় মাহবুবুর রহমানকে তাঁর বাসার সামনে নামিয়ে কলেজ রোডে সালাম মোল্লাকে নামিয়ে দেন। এর পরপরই ঘটনা ঘটে। নিহত হওয়া সালামের স্ত্রী বীথি আক্তার জানান, গাড়ি থেকে নামার আগ মুহূর্তে সালাম মোল্লা তাঁকে মুঠোফোনে ফটক খোলার জন্য বলেন। এর পরপরই তিনি চিৎকার-চেঁচামেচি শোনেন। গেট খুলে সামান্য এগিয়ে দেখেন বাড়ির ফটকে স্বামীর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।গতকাল শনিবার সকালে গাজীপুর সদর হাসপাতালে সালামের লাশের ময়নাতদন্ত শেষ হয়। বিকেলে নীলেরপাড়া স্কুলমাঠে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ঘটনার ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিকেল পর্যন্ত অভিযোগ নিয়ে নিহত ব্যক্তির পরিবারের কেউ থানায় আসেননি। তবে সম্ভাব্য একাধিক কারণ ধরে তদন্তকাজ এগিয়ে চলছে।