গাজীপুরে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুর সদর উপজেলায় বাসের চাপায় একটি মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইলের মাঝুখান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: পূবাইলের কামারগাঁও এলাকার মো. নিরু মিয়ার ছেলে মো. সোহেল (২০) ও আবদুল করিমের ছেলে আলমগীর হোসেন (২৭)। গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী সুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে মিরের বাজারে যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা মাঝুখান বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সোহেল ও আলমগীরের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।