গাজীপুরে বাসের ধাক্কায় ট্রাকচালেকর সহকারী নিহত
গাজীপুরের কালীগঞ্জে সিমেন্টভর্তি বিকল ট্রাকে বাসের ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হবি মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩০)। তিনি কালীগঞ্জের সেভেন রিংস সিমেন্ট কারখানার মালবাহী ট্রাকচালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পশ্চিম পাশে সেভেন রিংস সিমেন্ট কোম্পানির সিমেন্টভর্তি ঘোড়াশালগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক দিয়ে আসা নরসিংদীগামী বাদশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকচালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।