গাজীপুরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় গতকাল মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

 মনির হোসেন দক্ষিণ সালনা এলাকার প্রো-মেকার সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার তারাবাড়ী এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটায় মনির এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ও পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক মো. আরিফ হোসেন ভূঁইয়া গতকাল সন্ধ্যায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।