গাজীপুরে বাসের ধাক্কায় শ্রমিক আহত ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকায় গতকাল রোববার বিকেলে রাস্তা পার হওয়ার সময় আমিরুল ইসলাম (২৫) নামের একজন কারখানা শ্রমিক বাসের চাপায় আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা গাড়ি ভাঙচুর ও মহাসড়ক অরোধ করেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রাগামী স্কাই লাইন সার্ভিসের একটি যাত্রীবাস আমিরুল ইসলাম নামের ওই শ্রমিককে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর তাঁর কারখানার শ্রমিকদের কাছে পৌঁছার পর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকেরা ১০-১২টি গাড়ির কাচ ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কে প্রায় ২০-২৫ মিনিটের মতো যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ গতকাল রোববারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বাড়ি ফিরে যান।নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।