গাজীপুরে বাস-লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক গোপালগঞ্জের মুকসুদপুরের কৈলা গ্রামের মোতালেব মাতব্বরের ছেলে সুজন মিয়া (২০), যাত্রী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রঘুরামপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে আবুল হোসেন (৫০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভুরুঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. উকিল মিয়া (৪৫), সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের তুলসী দাসের ছেলে প্রাণনাথ দাস (৩৮), তাঁর চাচাতো ভাই একই এলাকার ইন্দ্রজিৎ দাসের ছেলে বকুল চন্দ্র দাস (৩৫) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলইক্ষা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস মহাসড়কের ইটাহাটা এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে গাজীপুর যাওয়া যাত্রীবাহী ওই লেগুনাটি আরেকটি বাসকে পাশ কাটাতে গেলে মুমু পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে গাজীপুর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ছয়জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহত ব্যক্তিদের লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাস কেটে তৈরি করা লেগুনাটি ছিল মেয়াদোত্তীর্ণ ও এর ফিটনেস ছাড়পত্র ছিল না। এ ছাড়া চালকও অদক্ষ ছিলেন।