গাজীপুরে বায়ুদূষণের দায়ে কারখানা বন্ধ ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাইনজাইল এলাকার একটি কারখানাকে বায়ুদূষণের অপরাধে গতকাল বুধবার বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাইনজাইল এলাকার রেডিয়্যান্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেড নামক কারখানাটিতে পরিত্যক্ত টায়ার প্রক্রিয়াজাত করে একজাতীয় জ্বালানি তেল উৎপাদন করত। ওই কারখানা থেকে বায়ু দূষণকারী সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইডসমূহ এবং রাবারের অতি ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পার্শ্ববর্তী আবাসিক এলাকার জনজীবন দুর্বিষহ করে তুলেছিল। সম্প্রতি এলাকাবাসী ওই কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।কারখানার মালিক দূষণের ঘটনা অস্বীকার করলে পরিবেশ অধিদপ্তর কারখানার বায়ুদূষণের মাত্রা পরীক্ষা করে। পরীক্ষায় কারখানাসংলগ্ন বায়ুতে সালফার ডাই-অক্সাইড পাওয়া যায় ২৬২ দশমিক ৮ মাইক্রোগ্রাম (আদর্শ মাত্রা ৮০ মাইক্রোগ্রাম) এবং প্রলম্বিত বস্তুকণা পাওয়া যায় ১২৩৮ দশমিক ১৩ মাইক্রোগ্রাম (আদর্শ মাত্রা ২০০ মাইক্রোগ্রাম)। বায়ুদূষণের প্রমাণ পাওয়ায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।