গাজীপুরে বিএনপি নেতার হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে গত বুধবার রাতে বিএনপির এক নেতার নেতৃত্বে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রফিকুল বুধবার রাতে কালীগঞ্জ প্রেসক্লাব থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। জামালপুর কলেজ মোড়ে পৌঁছলে কালীগঞ্জ থানা বিএনপির সদস্য মনিরুজ্জামান ওরফে লাভলু একদল সন্ত্রাসী নিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে লাভলুর নির্দেশে তাঁর সঙ্গীরা লাঠি, রড, হকিস্টিক দিয়ে রফিকুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় লাভলুর নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তবে লাভলু রফিকুলের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।
কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি লাভলুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে লাভলুকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।