গাজীপুরে বিএনপির মানববন্ধন যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সারা দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক-মহাসড়ক সংস্কার না করায় এবং বাস চলাচল বন্ধ থাকায় সমাবেশ থেকে বক্তারা যোগাযোগমন্ত্রী ও স্থানীয় সাংসদদের পদত্যাগের দাবি করেছেন।গাজীপুর সদর থানা বিএনপির উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তায় গাজীপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির নেতা আহম্মদ আলী রুশদী প্রমুখ অংশ নেন। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে গাজীপুর সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, টঙ্গী থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, জাসাস, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীও যোগ দেন। পরে চান্দনা চৌরাস্তায় আলহাজ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা ভালো বোঝেন কিন্তু রাজনীতিতে অদক্ষ। তার পরও বর্তমান সরকার তাঁকে এনে যোগাযোগমন্ত্রী বানিয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভালোভাবে সংস্কার না করায় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় জনগণের ভোগান্তি সৃষ্টির জন্য যোগাযোগমন্ত্রী দায়ী। তিনি অবিলম্বে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ ছাড়া তিনি সরকারদলীয় স্থানীয় পাঁচ সাংসদকে সমাবেশ ডেকে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।