গাজীপুরে বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌর বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ গতকাল রোববার সকালে শহরে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় এক গ্রুপ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। বিএনপির নেতা-কর্মীদের ভাষ্যমতে, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম ৭ ফেব্রুয়ারি ১০ সদস্যের গাজীপুর পৌর বিএনপির নতুন কমিটি অনুমোদন করেন। এতে মীর হালিমুজ্জামানকে সভাপতি ও হান্নান মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। দুজনকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয় জেলা কমিটি।কিন্তু ওই কমিটিকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী দাবি করে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের দেওয়া তথ্যমতে, ভাওয়াল রাজবাড়ি মাঠ থেকে গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলীর নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল জেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পথে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর স্থানীয় ‘কে বি’ মার্কেটের সামনে সমাবেশ করেন মিছিলকারীরা। এতে বক্তব্য দেন গাজীপুর পৌরসভার কাউন্সিলর হাসান আজমল, মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, মেহেদী হাসান প্রমুখ। বক্তারা গাজীপুর পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি জানান।অপরদিকে ওই সমাবেশ চলাকালে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়সংলগ্ন এলাকা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে পাল্টা আরেকটি মিছিল বের হয়। ওই মিছিলটি ‘কে বি’ মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশের প্রতিরোধের মুখে পড়ে। এতে মিছিলকারী নেতা-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে যান।এ প্রসঙ্গে গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী জানান, ঘরে বসে নতুন ওই পকেট কমিটি করা হয়েছে। এটি অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম প্রথম আলোকে বলেন, ‘জেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।’ এদিকে দুই গ্রুপের মুখোমুখি অবস্থার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা বিএনপির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির অফিসসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।