গাজীপুরে বিচারিক হাকিমকে হুমকি ও তাঁর স্বামীর দাবি
নির্যাতনের শিকার গাজীপুরের বিচারিক হাকিম রুবাইয়া ইয়াসমিন অভিযোগে করে বলেছেন, দুর্নীতি দমন কমিশনে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে বলে তাঁকে হুমকি দিচ্ছেন তাঁর স্বামী। এদিকে রুবাইয়া ইয়াসমিনের স্বামী ব্যারিস্টার জিয়াউল করিম গতকাল বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে দাবি করেন, রুবাইয়া তাঁর স্ত্রী নন। চার মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে জিয়াউলের এই বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন রুবাইয়া ইয়াসমিন। মুঠোফোনে যোগাযোগ করা হলে রুবাইয়া ইয়াসমিন ও তাঁর বাবা জাহেদ তালুকদার জানান, বনিবনা না হওয়ায় চার মাস আগে রুবাইয়া ও জিয়াউলের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের আড়াই মাস পর জিয়াউল তা প্রত্যাহার করে নেন। জাহেদ তালুকদার বলেন, সাবেক জজ রেজাউল করিম খানের মধ্যস্থতায় বিবাহবিচ্ছেদ বাতিল করা হয়। রুবাইয়া ইয়াসমিন বলেন, বিচ্ছেদ বাতিলের এক সপ্তাহ পর স্বামীর তেজগাঁওয়ের বাসা থেকে তাঁর গাড়িযোগে গাজীপুরে অফিস করতে আসার পথে তিনি টঙ্গীতে দুর্ঘটনার কবলে পড়েন। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়। রুবাইয়া ইয়াসমিন আরও বলেন, ‘আমি স্ত্রী না হলে তাঁর গাড়ি ব্যবহার করলাম কীভাবে। বিবাহবিচ্ছেদ বাতিলসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র আমার কাছে আছে।’ তিনি জানান, ঈদের পরদিন ট্যাক্সিক্যাবে করে জিয়াউল করিম গাজীপুরে তাঁর সরকারি বাসভবনে আসেন। অপর একজন বিচারিক হাকিম ও তাঁর বাসার দারোয়ান এই ঘটনার প্রত্যক্ষদর্শী।রুবাইয়া ইয়াসমিন অভিযোগ করে বলেন, ‘আমার ননদের স্বামী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক। তাঁকে দিয়ে দুদকে আমার বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’জানা যায়, বিচারিক হাকিম রুবাইয়াকে নির্যাতনের বিষয়টি গতকাল আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচিত হয়।