গাজীপুরে বিজ্ঞানীদের কর্মবিরতি
বিজ্ঞানীদের শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গতকাল রোববার সকালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে তাঁরা প্রতীকী অবস্থান ধর্মঘট পালন করেন। ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, লাঞ্ছনাকারীদের বিচার না হওয়ার প্রতিবাদে সমিতির সদস্যরা গতকাল থেকে কালো ব্যাজ ধারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন। ১২ সেপ্টেম্বরের মধ্যে লাঞ্ছনাকারীদের উপযুক্ত বিচার না হলে ওই দিনই পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
বিজ্ঞানীরা জানান, গত ২২ জুলাই ইনস্টিটিউটের মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) উপস্থিতিতে কয়েকজন বিজ্ঞানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার পর দুই কর্মকর্তা ও দুই শ্রমিককে আঞ্চলিক কার্যালয়ে তাৎক্ষণিক বদলি করা হলেও দৃশ্যমান কোনো বিচার হয়নি। এ কারণে সাধারণ বিজ্ঞানীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিজ্ঞানী সমিতির সম্মেলনকক্ষে সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে কর্মসূচি পালনের এসব সিদ্ধান্ত নেওয়া হয়।