গাজীপুরে বিডি ফুডসের কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত বিডি ফুডস লিমিটেডের একটি ভোগ্যপণ্য ও ভোজ্যতেল উৎপাদন কারখানায় গতকাল সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর একটার দিকে কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামে দাহ্য বস্তু ও তেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে টঙ্গী, সাভার, ইপিজেড ও কুর্মিটোলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের সঙ্গে যোগ দেন। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনার সময় দুপুরের খাবার খাওয়ার জন্য অধিকাংশ শ্রমিক কারখানার বাইরে ছিলেন। এ কারণে কেউ হতাহত হননি। বিডি ফুডসের ব্যবস্থাপক (প্রশাসন) বাহাদুর আলী জানান, ধারণা করা হচ্ছে, গুদামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।