গাজীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, ক্লাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে জটিলতার কারণে গতকাল শনিবার সকালে শিক্ষক-কর্মচারীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে বিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং দুই ঘণ্টা ক্লাস বন্ধ থাকে।বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, প্রধান শিক্ষকের পদটি শূন্য হলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অবৈধভাবে রফিকুল ইসলাম নামে একজনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। কিন্তু গত ১৮ আগস্ট শিক্ষা বোর্ড ওই নিয়োগ বাতিল করে দেয়। রফিকুল ইসলাম দীর্ঘদিন পর গতকাল বিদ্যালয়ে এসে জোর করে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতে চাইলে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা তাঁকে বের করে দেন। এ ঘটনা চলাকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, শিক্ষা বোর্ড বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম স্থগিত ও প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে। তার পরও তিনি অফিস করতে চাইলে বিদ্যালয়ের শিক্ষকেরা প্রধান শিক্ষকের কক্ষে তিনটি তালা ঝুলিয়ে দেন।এ বিষয়ে রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘স্কুলের ব্যবস্থাপনা কমিটি আমাকে নিয়োগ দিয়েছে, তাই আমি স্কুলে গিয়েছিলাম।’