গাজীপুরে বিদ্যুৎ চুরি, ১৩ লাখ টাকা জরিমানা
মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল বুধবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জন আবাসিক গ্রাহককে প্রায় সোয়া ১৩ লাখ টাকা জরিমানা করেছেন।
দুপুর পর্যন্ত গাজীপুর সদর উপজেলার নগপাড়া, দক্ষিণ সালনা, চান্দনা ও মোগরখাল এলাকায় এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) খালেদুল ইসলাম।
খালেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির দায়ে চান্দনা এলাকার মজিবুর রহমানকে এক লাখ ২৬ হাজার টাকা, আ. সাত্তার সরকারকে দুই লাখ ৫৫ হাজার ও আমেনা বেগমকে ৩৪ হাজার, মোগরখাল এলাকার মজিবুর রহমানকে দুই লাখ ১৯ হাজার ও আমিরুল ইসলামকে এক লাখ ৬১ হাজার, নগপাড়া এলাকার হাজী আমির আলীকে এক লাখ ৫৮ হাজার এবং দক্ষিণ সালনা এলাকার শহীদ কাজীকে তিন লাখ ৮২ হাজার, নজর আলীকে ১৭ হাজার ও রফিকুল ইসলামকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে পৃথক মামলাও হয়েছে।