গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আজাদ মিয়া। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল এলাকায়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গাজীপুর প্রকল্পের আওতায় সিটি করপোরেশনের চান্দনার শহীদ রওশন সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের ১১ কেবির লাইন সিঙ্গেল ফেজ থেকে থ্রি-ফেজে উন্নীতকরণের কাজ কয়েক দিন ধরে চলছিল। এ জন্য গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয় সংশ্লিষ্ট ঠিকাদার এমদাদ কন্সট্রাকশন। কিন্তু গতকাল বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে সকাল থেকে ওই বৈদ্যুতিক লাইনের পাশে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করে ওই ঠিকাদার ও তাঁর লোকজন কাজ শুরু করেন। দুপুরে খুঁটি বেয়ে নিচে নামার সময় ঠিকাদারের শ্রমিক আজাদ পাশের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে তাঁর ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন বিদ্যুৎ কর্মীরা।