গাজীপুরে বিধবা নারী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক বিধবা নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আবু তাহের (৩০) নামের এক ব্যক্তি বিদ্যুৎ বিল-সংক্রান্ত বিষয়ে কথা বলার অজুহাতে ওই বিধবা নারীর (৪১) বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে আবু তাহের ও তাঁর সহযোগীরা ওই নারীকে ধরে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আবু তাহের ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। ঘটনার পর ওই নারী তাঁর পরিবারের লোকজনসহ মামলা করার জন্য কালীগঞ্জ থানায় যাওয়ার পথে কয়েকজন যুবক তাঁদের পথরোধ করে হত্যার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়, পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনা তদন্ত করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার ওই নারী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার রাতে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খাইরুল আলম ওই নারীকে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডেকে পাঠান। পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ওই নারীর ওপর চাপ সৃষ্টি করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার পুলিশ ওই নারীর মামলাটি গ্রহণ করে। মামলায় আবু তাহের ও তাঁর সহযোগী সুমন মিয়াসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে গত বৃহস্পতিবার গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও আবু তাহের ও সুমন মিয়াকে পাওয়া যায়নি। জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম বলেন, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেছেন মাত্র।

 কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।